ফেডারেশন কাপে আবার পয়েন্ট খোয়ালো আবাহনী
বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসির চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে থাকা আবাহনীর ফেডারেশন কাপটাও ভালো যাচ্ছে না।
আগের ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে যাওয়া আবাহনী এবার পয়েন্ট খোয়ালো রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে দুইয়ে অবস্থান করছে বর্তমান রানার্সআপ দলটি। শীর্ষে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৭। আবাহনীর ড্রয়ের দিনে ব্রাদার্স ৩-০ গোলে হারিয়েছে পিডব্লিউডিকে।
কুমিল্লায় আবাহনী পিছিয়ে পড়ে পেনাল্টি গোলে সমতা এনে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ঘানার আরনেস্ট বোয়েটেংয়ের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ।
আবাহনী পেনাল্টি পায় বিরতির বাঁশির একটু আগে। শেখ মোরসালিনের গোলে ড্রয়ের স্বস্তি আসে আবাহনী শিবিরে। দ্বিতীয়ার্ধে কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন পাকিস্তানি সায়াক দস্ত। ১২ ও ৫৮ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার। অন্য গোলটি করেছেন স্পেনের ইব্রাহিমা ব্যারি। এ জয়ে কোয়ালিফায়ার্সে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো কমলা জার্সিধারীদের।
আরআই/এমএমআর