ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের বিপক্ষে তিন গোলের ঘাটতি পোষাতে যে পরিকল্পনা করছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৭ মার্চ ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম পর্বে ৩-০ ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে হলে অলৌকিক কিছুই করতে হবে দলটিকে। এমন পরিস্থিতিতে কোচ পেপ গার্দিওলা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জিততে হলে ‘নিখুঁত’ খেলতে হবে তার দলকে।

মাদ্রিদের মাঠে প্রথম লেগে হতাশাজনক হারের ফলে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ম্যানসিটি। টানা তৃতীয় মৌসুমে রিয়ালের কাছে ছিটকে পড়ার শঙ্কাও ঘনিয়ে এসেছে। তবে গার্দিওলা এখনো আশা ছাড়ছেন না। তিনি মনে করেন, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই, তবে সেটি করতে হলে পারফরম্যান্স হতে হবে সর্বোচ্চ মানের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমাদের সামনে কাজটা বিশাল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনটির বেশি গোল করা সহজ নয়। কিন্তু আমরা এখনো লড়াইয়ে আছি। এটা ফুটবল- এখানে যেকোনো কিছু ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ম্যাচে জিততে হলে শুধু আক্রমণেই নয়, রক্ষণসহ প্রতিটি বিভাগে নিখুঁত পারফরম্যান্স দিতে হবে। এই মৌসুমে সিটি সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে ব্যর্থ হচ্ছে অনেক সময়, যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ‘আমরা সুযোগ তৈরি করতে পারি, এটা আমরা জানি; কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছি না। যদি আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারি এবং ভালোভাবে রক্ষণ সামলাই, তাহলে ম্যাচে থাকার সুযোগ থাকবে,’- যোগ করেন তিনি।

এই কঠিন লড়াইয়ের আগে নিজের দলকে অনুপ্রাণিত করতে অতীতের একটি স্মরণীয় প্রত্যাবর্তনের কথা স্মরণ করান গার্দিওলা। ২০২১-২২ মৌসুমে অ্যাস্টন ভিলা’র বিপক্ষে শেষ ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল করে লিগ শিরোপা জয়ের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘সেই ম্যাচে আমরা দেখিয়েছিলাম কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়। এখানেও একই মানসিকতা দরকার।’

দলের অধিনায়ক বার্নার্ডো সিলভা’ও একই সুরে কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন, প্রথম লেগের খারাপ ফল সত্ত্বেও এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। ‘ফুটবল আমাদের শিখিয়েছে- একটি ম্যাচে অনেক কিছুই সম্ভব। প্রথম ম্যাচের পর সবকিছু অন্ধকার মনে হয়েছিল; কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা আবার আশাবাদী হচ্ছি,’ বলেন তিনি।

তবে ম্যাচের আগে সিটির প্রস্তুতিতে ছিল কিছুটা ভিন্নতা। সাধারণত ম্যাচের আগের দিন অনুশীলন করা হলেও এবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন গার্দিওলা। ব্যস্ত সূচি ও ক্লান্তির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে লিগে সর্বশেষ ম্যাচে ড্র করার ফলে শিরোপা লড়াইয়েও কিছুটা পিছিয়ে পড়েছে দলটি।

সব মিলিয়ে, সামনে যে লড়াই অপেক্ষা করছে তা অত্যন্ত কঠিন- এটা স্বীকার করছেন সবাই। ১৫ বারের ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিন গোলের ব্যবধান পুষিয়ে দেওয়া যে সহজ নয়, তা জানেন গার্দিওলা। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই দিচ্ছে ম্যানচেস্টার সিটি।

এখন দেখার বিষয়, নিজেদের মাঠে তারা কি সত্যিই সেই ‘নিখুঁত’ খেলাটা খেলতে পারে কিনা, নাকি আবারও রিয়াল মাদ্রিদের কাছে স্বপ্নভঙ্গ হয়।

আইএইচএস/