চ্যাম্পিয়ন্স লিগ
ইতিহাদে চ্যালেঞ্জের মুখে ম্যানচেস্টার সিটি
বিদায়ের শঙ্কায় রয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে গেছে পেপ গার্দিওলার শীষ্যরা। সেই পরাজয়ের দিন ছয়েক পর এবার ইতিহাদ স্টেডিয়ামকে রিয়ালকে আতিথ্য দেবে সিটি।
বার্নাব্যুর রাতটা ছিল গার্দিওলা ও তার শীষ্যদের জন্য একেবারে দুঃস্বপ্ন কিংবা ভুলে যাওয়ার মতো। এবার যদি ঘরের সমর্থকদের সামনে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে গত মৌসুমের নকআউটের মতো এবারও লস ব্লাঙ্কোসদের সামনেই থেমে যাবে ম্যানচেস্টার সিটির যাত্রা।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তি বেড়েছে রিয়ালের। চোট থেকে সেরে উঠে দলে ফিরছেন কিলিয়ান এমবাপে। দলের সঙ্গে তিনিও যাচ্ছেন ম্যানচেস্টারে গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে।
প্রথম লেগে মাদ্রিদের উরুগুয়ের মিডফিল্ডার ফেদরিকো ভালভার্দে প্রথম লেগে একাই হারিয়ে দেন সিটিকে। রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা পান নিজের প্রথম হ্যাটট্রিকের। ৩-০ গোলে জয় পায় তার দল। বুঝতেই দেননি এমবাপে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর অনুপস্থিতি। ম্যাচের ২০, ২৭ ও ৪২ মিনিটে গোলগুলো করেন তিনি।
এদিকে, রিয়ালের তুর্কি তরুণ আর্দা গুলার দারুণ ছন্দে রয়েছেন লা লিগায়। এলচের বিপক্ষে ৬৫ মিটার দূর থেকে দৃষ্টিনন্দন এক গোল করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
অন্যদিকে, প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েছে ম্যানচেষ্টার সিটি। শনিবার ওয়েস্টহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে থাকা আর্সেনাল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা, যদিও ম্যাচ একটি কম খেলেছে।
হতাশাজনক ফলের পরও হাল ছাড়তে নারাজ সিটি কোচ পেপ গার্দিওলা। তার ভাষায়, ‘এটা শেষ নয়। কে বলেছে? আমরা হারিনি। আমরা লড়াই চালিয়ে যাব। ঘরের মাঠে আমাদের ম্যাচ আছে, তাই শেষ পর্যন্ত চেষ্টা করতেই হবে।’
টানা পঞ্চম মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে দুই দল। এখন পর্যন্ত মোট ১৬ বার মুখোমুখি হয়েছে তারা। যেখানে জয়ের দিক দিয়ে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা। তাদের ৬টি জয়ের বিপরীতে সিটির জয় ৫টি।
ম্যানচেস্টার সিটির ফিরতি লেগের দলের বেশিরভাগ খেলোয়াড়ই ফিট রয়েছেন। তবে চোটের কারণে এখনও মাঠের বাইরে আছেন রিকো লুইস ও জোস্কো গভার্দিওল। তারা দীর্ঘদিন ধরেই দলে নেই।
সিটির জন্য সুখবর হলো মিডফিল্ডার মাতেও কোভাচিচের ফেরা। কয়েক মাস ইনজুরিতে থাকার পর তিনি ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন এবং এখন গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত।
চোটের কারণে প্রথম লেগ খেলতে না পারা কিলিয়ান এমবাপে ফিরছেন এই ম্যাচে। আগেই বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। তাই এই লেগও সহজ হচ্ছে না সিটির, এটা মোটামুটি স্পষ্ট।
ইতিহাস এবং সাম্প্রতিক ফর্ম দেখায়, ম্যাচটি উভয় দলের জন্যই কঠিন এবং নাটকীয় হওয়ার সম্ভাবনা আছে। শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে মাঠে নিজের দক্ষতা এবং মানসিক দৃঢ়তা দেখাতে পারছে।
আইএন