ফেডারেশন কাপ
কিংসের জয়ের দিনে ফর্টিসের হার
বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকলেও ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে ফর্টিস এফসি। ঈদ ও জাতীয় দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য বিরতি কাটিয়ে মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল।
'বি' গ্রুপের দুটি ম্যাচ ছিল মঙ্গলবার। কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস ৫-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে প্রথম জয় পেয়েছে। প্রথম দুই ম্যাচ ড্রয়ের পর এই জয় বসুন্ধরা কিংস কোয়ালিফায়ার্সে খেলার সম্ভাবনা তৈরি করেছে।
অন্য দিকে কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ২-১ গোলে পুলিশ এফসির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। চার ম্যাচ শেষে ফর্টিসের পয়েন্ট ৪। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে কোয়ালিফায়ার্স।
বসুন্ধরা কিংসের ৫ পয়েন্ট হলেও তাদের ম্যাচ বাকি আছে পুলিশের বিপক্ষে। মঙ্গলবারের বড় জয়ে কিংসের জোড়া গোল করেছে ডরিয়েলটন। ১৬ ও ৫৫ মিনিটে গোল করেছেন এই ব্রাজিলিয়ান। একটি করে গোল করেছেন এমানুয়েল সানডে, সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম।
পুলিশ-ফর্টিস ম্যাচে ওকাফরের গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিল ফর্টিস। তবে দ্বিতীয়ার্ধে গোল করে পুলিশকে জয় এনে দেন কাজিমু ও রাহুল। ৬ পয়েন্ট নিয়ে পুলিশ কোয়ালিফায়ার্স খেলা প্রায় নিশ্চিত করেছে।
আরআই/এমএমআর