বড় জয়ের দিনই চাকরি হারালেন নেইমারদের কোচ
ঘরের মাঠে বড় জয়ের পর কোথায় নিশ্চিন্তে পরের ম্যাচের পরিকল্পনা করবেন, তা না হয়ে উল্টো চাকরি হারানোর খবর শুনতে হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টুখেলকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে নেইমার, এমবাপেদের কোচকে।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমকে জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
পিএসজির ডাগআউটে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টুখেল। তাও কি না দলের ৪-০ গোলের বড় জয়ের দিন। স্ট্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। এর কারণ অবশ্য লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে না পারা।
২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগে এখনও পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি, হেরেছে ৪টি, ড্র হয়েছে ২ ম্যাচ। যার ফলে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে রয়েছে অলিম্পিক লিও ও লিল।
ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার মাশুলই দিতে হলো টুখেলকে। বুধবার রাতে তাকে বরখাস্ত করার বিষয়টি গোলকে নিশ্চিত করেছেন ক্লাবের প্রেসিডেন্ট নাসেল আল খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লেওনার্দো।
বরখাস্ত হওয়ার আগে পিএসজির হয়ে আড়াই বছর ৬টি শিরোপা জিতেছেন টুখেল। এছাড়া তার অধীনেই গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল পিএসজি।
এসএএস/এমএস