রিয়ালের কষ্টার্জিত জয়
চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠ থেকে হতাশা নিয়েই বার বার ফিরতে হয়েছে রিয়ালকে। শেষ তিন ম্যাচের দুইটিতে ড্র আর একটিতে হার। তবে এবার হতাশা কাটিয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের শেষ দিকের গোলে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা গ্রানাডাকে ২-১ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। আর কোচ হিসেবে যোগ দেওয়া জিনেদিন জিদানের অধীনে রিয়ালের এটা প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল, কিন্তু বাঁ দিক দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২৪ মিনিটে গ্রানাডার জমাট রক্ষণে আরেকটি ভালো সুযোগ নষ্ট করে রিয়াল। তবে তারকাসমৃদ্ধ রিয়ালের আক্রমণভাগকে বেশিক্ষণ অবশ্য আটকে রাখতে পারেনি গ্রানাদা। ম্যাচের ৩০ মিনিটে কারবাহালের পাস থেকে আট গজ দূর থেকে সহজেই গোলরক্ষকে পরাস্ত করেন করিম বেনজেমা।
ম্যাচের ৪৩ মিনিটে সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। তবে পর্তুগিজ ডিফেন্ডার মিগুয়েল লোপেজ রিয়ালের রক্ষণ ভেঙে ডি বক্সে ঢুকে গোলমুখে ফাঁকায় বল বাড়িয়েছিলেন, কিন্তু গোল করার মত কেউ ছিল না। ফলে ১-০ তে পিছিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। 
বিরতি থেকে ফিরেই গোলের সহজ সুযোগটি পায় গ্রানাডা, কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড দাভিদ বারালের হেড ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস। পরের মিনিটেই লুকা মদ্রিচের বিদ্যুৎ গতির শট বাঁদিকে লাফিয়ে রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের ৬০ মিনিটে রিয়াল শিবিরকে থমকে দিয়ে সমতায় ফেরে গ্রানাডা। ডান দিক থেকে ডি বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক নাভাসকে কোনাকুনি শটে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড ইয়োসেফ এল আরাবি।
শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। আর ম্যাচের ৮৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আচমকা জোরালো শটে গোল করে দলকে লিড এনে দেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ। শেষ পর্যন্ত তার এই গোলেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্পেনের সফলতম ক্লাবটি। এই জয়ে ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪।
এমআর/এসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ মোহামেডানে নির্বাচনি হাওয়া, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ
- ২ রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
- ৩ আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
- ৪ হেটমায়ার-পাওয়েলের তাণ্ডবে উইন্ডিজের বোর্ডে আসরের সর্বোচ্চ রান
- ৫ বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা