ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার নারীরা

প্রকাশিত: ১২:১৬ পিএম, ৩০ মার্চ ২০১৬

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরে সেমিফাইনালে মুখোমুখি হয় গত দুই আসরের দুই ফাইনালিস্ট- অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। দুই আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিতে মাঠে নেমে এবারও পারেনি ইংলিশ মেয়েরা। দারুণ নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের এ আসরে প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়ার নারীরা ক্রিকেটাররা। ইংল্যান্ডের নারীদের মাত্র ৫ রানের ব্যবধানে হারায় তারা। ফলে টানা চতুর্থবার শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে রইল অসিরা।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন দুই ইংলিশ ওপেনার চার্লট অ্যাডওয়ার্ড ও টাম্মি বিউমন্ট। ৬৭ রানের দারুণ জুটি গড়ে দলকে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যেতে থাকেন এই দুই ব্যাটসম্যান। চার্লট অ্যাডওয়ার্ড ২৯ বলে ৩১ ও টাম্মি বিউমন্ট ৪০ বলে ৩২ রান করেন।

তবে এ দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর তিন নম্বরে সারাহ টেলর ছাড়াও বাকিরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে না পারায় দারুণ চাপে পড়ে যায় ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানে থামে তাদের ইনিংস। টেলর ২৩ বলে ২১ রান করেন।

৮৯ রানে দুই উইকেট হারানো ইংলিশদের শেষ ৩৮ বলে প্রয়োজন ছিল ৪৪ রান। সেখান থেকে অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাটকীয় জয় পায় টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

এর আগে বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আলিশা হেইলি ও ইলিস ভিল্লানি দলকে ৪১ রানের দারুণ সূচনা এনে দেন। হেইলি ১৫ বলে ২৫ এবং ভিল্লানি ২০ বলে ১৯ রান করেন।

এরপর দ্রুত এ দুই ওপেনার ফিরে গেলে তিন নম্বরে নেমে দারুণ এক অর্ধশতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাগ লিনিং। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন লিনিং। ৫০ বল মোকাবেলা করে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে অসিরা।

ইংল্যান্ডের পক্ষে নাতালি স্কিভার ২২ রান দিয়ে ২টি উইকেট পান। এছাড়া লড়া মার্শ ও জেনি গুন ১টি করে উইকেট নেন।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন