ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হেডফোন-স্মার্ট গ্লাসে এআই প্রযুক্তি যুক্ত করছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ইসরায়েলভিত্তিক স্টার্টআপ কিউ ডট এআই (Q.ai) অধিগ্রহণ করেছে। কিন্তু কেন? জানা যায়, অ্যাপল দীর্ঘদিন ধরে সিরিসহ অন্যান্য এআই সেবায় পিছিয়ে আছে। গুগল, মাইক্রোসফট বা মেটার মতো কোম্পানি এআই চ্যাটবট ও স্মার্ট অ্যাপ্লিকেশনে অনেকটা এগিয়ে।

কিউ ডট এআই অধিগ্রহণ করলে অ্যাপল সরাসরি এই প্রযুক্তিতে প্রবেশ করতে পারবে এবং নিজের এআই প্রোডাক্ট উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে পারবে। ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে, চুক্তির মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার। অ্যাপল সূত্রে জানা গেছে, অধিগ্রহণের মাধ্যমে তারা এআই ক্ষমতা দ্রুত বাড়াতে এবং ভবিষ্যতে নিজস্ব এআই চ্যাটবট তৈরি করতে পারবে।

অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজিস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রুজি বলেন, ‘কিউ ডট এআই একটি অসাধারণ প্রতিষ্ঠান, যারা ইমেজিং ও মেশিন লার্নিং ব্যবহারে নতুন ও সৃজনশীল পথ দেখাচ্ছে।’ তবে অ্যাপল এখনো নির্দিষ্টভাবে জানায়নি, তারা স্টার্টআপটির প্রযুক্তি কীভাবে কাজে লাগাবে।

কিউ ডট এআই পেটেন্টে দেখা গেছে, এর প্রযুক্তি হেডফোন বা স্মার্ট গ্লাসে ব্যবহার করা যেতে পারে, যেখানে ‘মুখের ত্বকের ক্ষুদ্র নড়াচড়া’ শনাক্ত করে কথার প্রয়োজন ছাড়াই যোগাযোগ সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতে অ্যাপলের এআই-চালিত ওয়্যারেবল ডিভাইসে আরও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে পারে।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

চুক্তির অংশ হিসেবে কিউ ডট এআইয়ের প্রতিষ্ঠাতা দল, যার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা আভিয়াদ মাইজেলসও রয়েছেন, অ্যাপলে যোগ দেবেন। এটি মাইজেলসের অ্যাপলের কাছে দ্বিতীয় বিক্রি; এর আগে তিনি প্রাইমসেন্স নামের একটি থ্রি-ডাইমেনশনাল হিয়ারিং প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন, যা ২০১৩ সালে অ্যাপল অধিগ্রহণ করেছিল।

গত কয়েক মাস ধরে প্রযুক্তি বিশেষজ্ঞরা অনুমান করছিলেন, এআই প্রতিযোগিতায় এগোতে অ্যাপলের জন্য বড় কোনো অধিগ্রহণই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। ২০২৫ সালের জুলাইয়ে অ্যাপলের তৃতীয় প্রান্তিক আয়ের কলে প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেছিলেন, ‘আমরা এমন মার্জার ও অধিগ্রহণে উন্মুক্ত, যা আমাদের রোডম্যাপকে দ্রুত এগিয়ে নেবে।’

ধারণা কিউ ডট এআই অধিগ্রহণের ফলে ভবিষ্যতে অ্যাপল নিজস্ব এআই চ্যাটবট বা সহকারী তৈরি করতে পারবে, যা সিরিতে গুগলের মতো প্রতিদ্বন্দ্বীর ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন