আইন-আদালত

মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই বাচ্চু মিয়া গত ১২ মে আদালতের পরিদর্শকের কাছে অভিযোগপত্রটি জমা দিয়েছেন। এসআই বাচ্চু মিয়া জানান, অভিযোগপত্রে মেয়র মান্নান, তার ছেলে বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী রুমি ও শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৯ জনের বিরুদ্ধে নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মামলার অভিযোগপত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, গাজীপুর মহানগরীর সার্ডি পল্লী বিদ্যুৎ এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জয়দেবপুর থানার [৬০(২)১৩] মামলা হয়। এতে ২০ জনকে আসামি করে পুলিশ মামলা দায়ের করেন। এসআই জানান, ওই মামলার তদন্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, তার ছেলে বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী রুমি ও শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তাদের অভিযুক্ত করে গত ১২ মে গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলামের নিকট জমা দেয়া হয়েছে। অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হলে বিচারক তা সিন করবেন। এর পর আইন অনুযায়ী বিচারের পরবর্তী কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, সাময়িক বরখাস্ত মেয়র মান্নানের বিরুদ্ধে ২৫টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। সর্বশেষ তিনটি মামলায় আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।                    মো. আমিনুল ইসলাম/জেএইচ