দেশজুড়ে

যশোরে সাত নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

যশোরে ব্যতিক্রমী এক আয়োজনে সাত নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ যশোরের উদ্যোগে স্থানীয় বাঁচতে শেখা মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে স্মৃতিকাতর হন সংবর্ধিত নারী মুক্তিযোদ্ধারা। স্মৃতি রোমান্থন করে তারা তুলে ধরেন একাত্তরের উত্তাল দিনগুলির কথা। রণাঙ্গনের রক্তাক্ত স্মৃতির পাশাপাশি যুদ্ধজয়ের আনন্দের বর্ণনায় তারা আবেগতাড়িত ও অশ্রুসিক্ত হন। সংবর্ধিত নারী মুক্তিযোদ্ধারা হলেন, রওশন জাহান সাথী, রোকেয়া সুলতানা রাকা, সালেহা বেগম, মাহমুদা বেগম, ফিরোজা খানম, মমতাজ বেগম মম ও মীরা রাণী সরকার। ৭১ এর অগ্নিঝরা দিনগুলিতে সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীপ্ত পদভরে যে সকল মায়েরা-বোনেরা স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলেন তাদের সকলকে শ্রদ্ধা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতদের পক্ষ থেকে স্মৃতিচারণ করে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা রওশন জাহান সাথি ও মুক্তিযোদ্ধা রোকেয়া সুলতানা রাকা বলেন, আমাদের কাছে মুক্তিযুদ্ধ এক আবেগের নাম, যা আমাদের অহংকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ যশোরের সভাপতি একরাম উদ দ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুস শহীদ লাল ও বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ডক্টর আঞ্জেলা গমেজ। সংবর্ধিতদের জীবনী পাঠ করেন মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। এসময় স্বাগত বক্তব্য দেন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্বপন। সঞ্চালনা করেন শুভঙ্কর গুপ্ত। এর আগে উদীচী যশোরের শিল্পীবৃন্দের জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। মিলন রহমান/এফএ/এমএস