দেশ গড়ার একমাত্র সুস্পষ্ট পরিকল্পনা বিএনপিরই রয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আগামী ১২ তারিখ শুধু সঠিক মানুষ বেছে নেওয়ার দিন নয়, এটি দেশ গড়ার দিন। দেশের যত রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে একমাত্র বিএনপিরই দেশ গড়ার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। অতীতে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও বিএনপির রয়েছে, যা অন্য কোনো দলের নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনি পথসভায় তারেক রহমান এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের কর্মপরিকল্পনা তখনই সফল হবে, যখন আমরা দুর্নীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এবং দেশে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পারবো। দেশের স্বাস্থ্য, অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এখনই এসব সমস্যা সমাধানে হাত না দিলে দেশ আরও পিছিয়ে যাবে।’ এজন্য জনগণকে সঠিক দলকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
‘আজ যদি শুধু প্রতিপক্ষের সমালোচনা করতাম, তাহলে এখানে উপস্থিত কারোরই উপকার হতো না। বিএনপিই একমাত্র দল যারা জনগণের সামনে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরছে, কীভাবে আমরা কাজ করবো,’ যোগ করেন তিনি।
প্রায় আধা ঘণ্টাব্যাপী বক্তব্যে তারেক রহমান বলেন, ‘ভোটের সঙ্গে দেশ গঠনের কাজও করতে হবে। দেশ গড়াই আমাদের সবার প্রতিজ্ঞা।’
তিনি উল্লেখ করেন, প্রয়াত সাদেক হোসেন খোকা ঢাকা-৬ এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। তার সন্তান বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনও এই এলাকার উন্নয়নে কাজ করবেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার চিকিৎসাসেবা বাড়াতে স্থানীয় সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, এলাকায় নতুন কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে এবং মানুষ কর্মমুখী শিক্ষায় আগ্রহী। সে অনুযায়ী এই এলাকার সঙ্গে সারাদেশে ভোকেশনাল ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মেয়েদের মধ্যে বিনামূল্যে উচ্চশিক্ষা প্রসারে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সরাসরি তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
পথসভায় ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘এই এলাকার অন্যতম প্রধান সমস্যা গ্যাস সংকট। এর সমাধানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। যানজট আরেকটি বড় সমস্যা, যার ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বায়ু দূষণ বাড়ছে এবং মানসিক সমস্যাও তৈরি হচ্ছে। গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করা হবে।’
তিনি জানান, জলাবদ্ধতা পুরান ঢাকার একটি পুরোনো সমস্যা। এই সমস্যা সমাধানে আগামী বর্ষা মৌসুমের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে ঢাকা-৬ আসনসহ সারাদেশকে মাদকমুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এমডিএএ/একিউএফ