টেনিস ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম (চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়) পূর্ণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হলেন এই স্প্যানিশ তারকা। সে সঙ্গে ভেঙে গেল ৮৮ বছরের পুরোনো এক রেকর্ড।
মেলবোর্ন পার্কে রোববার ফাইনালে শুরুটা অবশ্য আলকারাজের জন্য সহজ ছিল না। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া জোকোভিচ প্রথম সেট ৬-২ ব্যবধানে জিতে নেন। তবে এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন করেন বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা আলকারাজ। পরের তিন সেটে ৬-২, ৬-৩ ও ৭-৫ ব্যবধানে জিতে ৩ ঘণ্টার বেশি সময়ের লড়াইয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।
২২ বছর বয়সী আলকারাজ ম্যাচজুড়ে অসাধারণ গতিশীলতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। জোকোভিচের অনেক নিশ্চিত উইনার শটও তিনি ফিরিয়ে দেন দুর্দান্ত রক্ষণে। ম্যাচ পয়েন্ট জয়ের পর আবেগে ভেসে যান আলকারাজ— র্যাকেট হাতছাড়া হয়ে যায়, কোর্টে শুয়ে পড়ে কিছুক্ষণ মাথা চেপে ধরেন। পরে নেটে গিয়ে জোকোভিচের সঙ্গে করমর্দন করেন। হাসিমুখে নতুন চ্যাম্পিয়নকে অভিনন্দন জানান ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি।
দুজনেই সেমিফাইনালে পাঁচ সেটের কঠিন ম্যাচ খেলে ফাইনালে ওঠেন। তাই ফাইনালেও ছিল উচ্চমাত্রার ফিটনেস, স্ট্যামিনা ও মানসিক লড়াই। গুরুত্বপূর্ণ পয়েন্টে কেউই ছাড় দেননি। ব্রেক পয়েন্টে আলকারাজ ১৬টির মধ্যে ৫টি কাজে লাগাতে পারলেও জোকোভিচ সফল হন ৬টির মধ্যে ২টিতে।
এই হারে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আরও একবার ভেঙে গেল। গত নয়টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আলকারাজ কিংবা ইয়ানিক সিনারের কাছেই আটকে যাচ্ছেন তিনি। সেমিফাইনালে সিনারকে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত আলকারাজকে টপকাতে পারেননি জোকোভিচ।
২২ বছর ২৭২ দিন বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করে আলকারাজ ভেঙেছেন ডন বাজের রেকর্ড। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জয়ের সময় বাজের বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন।
এই শিরোপা নিয়ে আলকারাজের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা দাঁড়াল সাতটি। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন তার প্রথম, আর উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে দুটি করে শিরোপা রয়েছে তার ঝুলিতে।
আইএইচএস/