আইন-আদালত

আত্মসমর্পণ করা একমাত্র আসামি খোরশীদের ২ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণকারী একমাত্র আসামি মোহাম্মদ খোরশীদ আলমকে এক বছর করে মোট দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য (এস্টেট ও ভূমি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

মামলা অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর দায়ে শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড এবং তার ভাগনি যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ রেহানার সন্তান রাদওয়ান ও আজমিনা পৃথকভাবে সাত বছর করে কারাদণ্ড পান। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে আদালত বলেন, খোরশীদ আলমের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে প্রতিটি মামলায় তাকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হলো। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত নির্দেশ দেন, আসামি খোরশীদ আলম এই মামলায় পূর্বে যে সময় হাজতবাস করেছেন, তা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫(এ) ধারার বিধান অনুযায়ী তার সাজা থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার আগে বিচারক তার পর্যবেক্ষণে বলেন, দুই মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১৭ জন পলাতক থাকলেও আইন অনুযায়ী তাদের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামিরা একে অপরের যোগসাজশে অবৈধভাবে পূর্বাচল আবাসন প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেছেন।

বিচারক আরও উল্লেখ করেন, সাক্ষীরা জানিয়েছেন যে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের ঢাকায় আগে থেকেই ফ্ল্যাট বা আবাসন ছিল। যা সরকারি প্লট বরাদ্দ পাওয়ার যোগ্যতার পরিপন্থি। অন্যান্য সাক্ষ্য ও দলিলেও অপরাধের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

এই মামলাগুলোতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ আনে যে, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে শেখ রেহানার সন্তানদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়। তদন্তে রাজউকের সাবেক সদস্য খোরশীদ আলমের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এমডিএএ/একিউএফ