দেশজুড়ে

ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করছে: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাই স্কুল মাঠে দলের প্রার্থী নজরুল ইসলাম নজুর সমর্থনে এক জনসভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি। কিন্তু আমরা একা হয়ে যায়নি। আমাদের সঙ্গে আল্লাহ আছে। যারা এই দেশকে ভালবাসে সেই দেশ প্রেমিকরা আমাদের সঙ্গে আছে। ইসলাম প্রেমিকরা আমাদের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে দলগুলোর আদর্শ দেখতে হবে। এখানে বিএনপিসহ তাদের জোট যে নীতি আদর্শ নিয়ে চলতে চায়, সে নীতি আদর্শ অনুযায়ী বাংলাদেশ প্রায় ৫৪ বছর চলেছে। তাদের নীতি আদর্শের না, প্রচলিত গণতন্ত্র। যার প্রবক্তা হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তিনি এক কথায় বুঝাতে চেয়েছিলেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ।

চরমোনাই পীর আরও বলেন, জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। জামায়াতের আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। যে প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ ৫৩/৫৪ বছর চলছিল, আবার নতুনভাবে যদি ওই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয় তাহলে বাংলাদেশের মানুষ শান্তি বা মুক্তি পাবে তা চিন্তাও করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু, দলের জেলা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ ও জেলা সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/জেআইএম