ক্যাম্পাস

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের মাধ্যমে আগামী ১০০ বছরের রাজনীতি বিনির্মাণ হবে

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের মাধ্যমে আগামী ১০০ বছরের রাজনীতি বিনির্মাণ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, রংপুর থেকে গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। যে কফিনে আবু সাঈদের রক্ত ঝরেছে, সেই কফিন বিজয়ী হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রংপুরের আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) ঐক্যবদ্ধ ছাত্র সংসদ আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনবিএনপি ভাড়াটেদের দলে পরিণত হয়েছে: অলি আহমদ আব্বাস-পাটওয়ারীর আসনে সমস্যার শেষ নেই 

সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমাদের এই উত্তরবঙ্গের নেতৃত্বে দুর্বলতা, অযোগ্যতা, দুর্নীতি ও ভারতের প্রেসক্রিপশনে চলার কারণে সব সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে ইনসাফের যারা প্রতিনিধি আছেন, আমাদের তাদেরকেই মনোনীত করতে হবে। তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধিরা বিগত বছরগুলোতে উত্তরবঙ্গে সৃষ্টি হওয়া সীমাহীন দুর্নীতি, বৈষম্য ও বঞ্চনা দূর করে দেবেন।

তিনি বলেন, একটা দল বিভিন্ন মেকানিজম করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের গণ রায় প্রদান করে আমরা দেখিয়ে দেবো। যারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বন্ধ করতে চায়, পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায়, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসতে চায়- তাদেরকে আমরা আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো।

অনুষ্ঠানে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ​যারা জুলাই বিপ্লব নিজের চোখে দেখেনি, যারা বিদেশে পালিয়ে ছিল, যারা আবু সাঈদের বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়া দেখেনি, যারা দেখেনি কীভাবে শহীদ আলী রায়হান নিজের মাথায় গুলি বরণ করে নিয়েছিলেন- তাদের তো ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান না নেওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু যখন তারা ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার দেখেছে এবং তাদের চোখ খুলেছে, তখন তারা বলতে বাধ্য হয়েছে- প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমরাও হ্যাঁ- এর পক্ষে আছি। মো. আজিজুর রহমান/কেএসআর