দেশজুড়ে

মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ২৫ হাজার টাকা, হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকা থেকে তাদের আটক করে সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। গোলাম শহীদ পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশরা গ্রামের বাসিন্দা। বাকিরা ভালুকার ভান্ডাবো ও বগাজান এলাকার বাসিন্দা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে বগাজান এলাকায় টাকা বিতরণের খবর আসে। ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে এসব টাকা বিতরণ করা হচ্ছিল। সেখান থেকে সেনাবাহিনীর টহল টিম সাতজনকে আটক করেন। সেখানে ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যান। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান গিয়ে ঘটনার সত্যতা পান। আটক ব্যক্তিরা ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা দেওয়ার কথা স্বীকার করেন।

তিনি জানান, আটক ৭ জনের মধ্যে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে তার মায়ের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য আছে।

ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর মোবাইল নম্বরে একাধিক কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি। তবে তার পক্ষে তার প্রধান নির্বাচনি এজেন্ট মোহাম্মদ রুহুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে কোনো বক্তব্য নেই।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ওই ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক করা ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে