দেশজুড়ে

১০ ফেব্রুয়ারির মধ্যে হাতিয়ায় গণবিপ্লব ঘটবে: হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের ভয় পাওয়া কিছু নেই। সন্ত্রাসীরা আর বেশি লাফাতে পাবে না। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে হাতিয়াতে গণবিপ্লব ঘটবে। তখন সন্ত্রাসীরা পালানোর পথ পাবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা আশা করি সরকার ও সকল রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করবেন। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা ও জনগণ নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার সব ব্যবস্থা সরকারকেই করতে হবে। ভোটারের দায়িত্ব শুধু ১২ তারিখ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। সেটা হেঁটে নাকি রিকশায় কেন্দ্রে যাবেন শুধু সেই পরিকল্পনা করবেন।

হান্নান মাসউদ আরও বলেন, জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে, এই পার্থক্য বুঝে ভোটাররা সিদ্ধান্ত নেবেন। হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে গেলে তা হবে দুঃখজনক।

তিনি বলেন, আপনি যদি চা-নাস্তার টাকার জন্য বসে থাকেন। ভালো মানুষ ছেড়ে মন্দ মানুষের পক্ষ নেন তাহলে আপনারা অধিকার বঞ্চিত হবেন। কারণ আমি চাইলে হাতিয়ার নদীভাঙন রোধে বালুর বস্তা না ফেলে, ফেরীঘাট না করে টাকা হাতিয়ে নিতে পারতাম। তাহলে আপনাদের অধিকার ক্ষুণ্ন হতো।

অনুষ্ঠানে এলাকার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। পরে সবাই শাপলা কলির পক্ষে গণসংযোগ করেন।

ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস