দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে। এসময় প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ নারী শ্রমিককে নেওয়া হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন- রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯)।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বনকালি গ্রামে কয়েক বছর আগে গড়ে ওঠে এই চায়না কোম্পানি। এই কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরীর কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে কোম্পানিতে হঠাৎ আতঙ্ক দেখা দেয় নারী শ্রমিকদের মাঝে। দিকবিদিক ছোটাছুটি শুরু করেন শ্রমিকরা। এসময় অর্ধশত নারী শ্রমিক আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করে জানান, কী কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, রোগীদের সঙ্গে কথা বলেছি। তাদের দেওয়া বক্তব্য অনুযায়ী, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা গেছে। তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কের কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে তারা সুস্থ রয়েছেন।
এমদাদুল হক মিলন/এফএ/এএসএম