দেশজুড়ে

লালমনিরহাটে জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ তিস্তা ব্যারেজ মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে লালমনিরহাটে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। তার এই আগমনকে ঘিরে সকাল থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।

দলীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের কর্মসূচি শেষ করে দুপুর ১টার দিকে হেলিপ্যাড মাঠে পৌঁছান জামায়াত আমির। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। লালমনিরহাট জেলা আমির ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীর আবু তাহের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনি প্রচারণা।

সমাবেশে লালমনিরহাট ও নীলফামারী জেলার জামায়াত মনোনীত মোট ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত রয়েছেন। বিশেষ করে লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতিবান্ধা) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী আনোয়ার ইসলাম রাজুর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশটি বিশাল এক শো-ডাউনে পরিণত হয়েছে। সমাবেশে কেবল লালমনিরহাট নয়, পার্শ্ববর্তী নীলফামারী জেলা থেকেও হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন।

নীলফামারীর ডিমলা থেকে সমাবেশে অংশ নিয়েছেন খালেদুল ইসলাম। তিনি বলেন, ফজরের নামাজ পড়েই এখানে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতি একমাত্র জামায়াতে ইসলামীই প্রতিষ্ঠা করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

হাতিবান্ধা থেকে সমাবেশে আসা রউসুল আলম নামের এক তরুণ ভোটার বলেন, সকাল ৭টা থেকে অপেক্ষা করছি। ইসলামী রাষ্ট্র গঠন এবং আমিরে জামায়াতকে দেখার আকাঙ্ক্ষা থেকেই এখানে আসা।

জানা যায়, সমাবেশ ঘিরে তিস্তা ব্যারেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নীলফামারী ও লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুই জেলার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে রূপ নিয়েছে।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/এএসএম