কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে স্পেনের সরকার। স্পেনের প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
প্রস্তাবিত বিধি অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত হবে। প্রস্তাবিত আইনটির আওতায় পিতামাতাদের জন্যও পরিষ্কার অনুমোদন থাকবে, যাতে তারা শিশুদের জন্য সীমা নির্ধারণ করতে পারেন এবং সামাজিক চাপ কমাতে সাহায্য হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ঘোষণা করেছেন, তারা ১৬ বছরের কম বয়সী কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করার একটি পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে টেক কোম্পানিগুলোকে ঘৃণামূলক ও ক্ষতিকর কনটেন্টের জন্য দায়িত্বশীল অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সানচেজ বলেন, সামাজিক মাধ্যম একটি ব্যর্থ রাষ্ট্র যেখানে আইন উপেক্ষিত হয় এবং অপরাধগুলো সহ্য করা হয়। তিনি এছাড়াও মাস্ককে উদ্দেশ্য করে বলেন, তার এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
এর উত্তরে ইলন মাস্ক এক্স-এ লিখেছেন, ডার্টি সানচেজ স্বৈরশাসক ও স্পেনের জনগণের বিশ্বাসঘাতক। কিছুক্ষণ পর তিনি আরও লিখেন, সানচেজ হলেন প্রকৃত ফ্যাসিস্ট টোটালিটেরিয়ান।
২০২৫ সালের আগস্টে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ মানুষ মনে করেন ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করা উচিত, যা ২০২৪ সালের ৭৩ শতাংশ থেকে বেড়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কে এম