আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি বহুল আলোচিত ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আর সেই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে কঙ্গনা জানান, ফাঁস হওয়া তথ্যে তিনি গভীরভাবে বিস্মিত ও বিরক্ত। তার দাবি, এসব তথ্য পড়ার পর বিখ্যাত ও ক্ষমতাশালী মানুষদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিই বদলে গেছে। কঙ্গনা লেখেন, অপরাধ নতুন কিছু নয়, কিন্তু এখানে নাকি অপরাধকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলার প্রবণতা দেখা গেছে-যা তাকে হতাশ করেছে।
অভিনেত্রীর ভাষ্য, ছোটবেলা থেকে যাদের তিনি তারকা বা প্রভাবশালী ব্যক্তি হিসেবে জেনে এসেছেন, তাদের নাম এমন বিতর্কে জড়ানো সত্যিই উদ্বেগজনক। সমাজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। মানবিক মূল্যবোধ আদৌ টিকে থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
তবে হতাশার মধ্যেও সমাধানের কথা বলেছেন এই অভিনেত্রী-সাংসদ। তার মতে, ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং সনাতন দর্শনই বর্তমান বৈশ্বিক নৈতিক সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখাতে পারে। কঙ্গনার কথায়, পুরাণের দেবতা-অসুরের লড়াই আজকের সময়েও প্রাসঙ্গিক-মানুষকেই ঠিক করতে হবে, সে কোন পথ বেছে নেবে।
আরও পড়ুন:রূপকথার মতো বিয়ের আয়োজন! উদয়পুরেই কি রাশমিকা-বিজয়ের বিয়ে ৩০ বছর পর মুখোমুখি সানি-অক্ষয়
উল্লেখ্য, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’। অভিনয়ের পাশাপাশি তিনি ভারতের মান্ডি কেন্দ্রের নির্বাচিত সাংসদ। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার জন্য বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
এমএমএফ