সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আইনজীবীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে আইনজীবীরা হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাখ্যানের জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন- চঞ্চল কুমার বিশ্বাস, রাশেদুল হক খোকন, তামান্না ফেরদৌস, ফারজানা রহমান শম্পা, আসলাম মিয়া, সুবীর নন্দী দাস, মুহতাদী হোসাইন, বিপ্লব কুমার দাস, শাহাদাত হোসেন শিমুল, ব্যারিস্টার কাজী আখতার, ফয়জুল্লাহ ফয়েজ, কুমার দেবুল দে, জাকির হোসেন মাসুদ, আব্দুল্লাহ আল হারুন রাসেল প্রমুখ।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৯ বিচারপতি এখন আর দায়িত্বে নেই (তাদের কেউ কেউ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তদন্তের পর বাধ্যতামূলক অবসরে, কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ, আবার কেউ কেউ অবসরে চলে গেছেন)। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বেঞ্চের দায়িত্বে (বিচারিক কাজে নিয়োজিত) নেই।
এছাড়া সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো মোট ১৩ বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
তাদের একজন বিচারপতি মামনুন রহমান। বিচারপতি মামনুন রহমান ই-মেইল যোগে ২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।
এফএইচ/এমআইএইচএস