ক্যাম্পাস

শেকৃবির মাঠ পুনরুদ্ধারের সমাবেশ‌ আজ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ (বাণিজ্য মেলার মাঠ) পুনরুদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

টেক ব্যাক শেকৃবি ল্যান্ড নামের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারা অংশ নেবেন বলে জানা গেছে।

সমাবেশে অংশ নিতে সকাল ১০টায় তারা একত্র হয়ে সমাবেশস্থলে যাবেন । আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের জমি ফিরিয়ে আনার লক্ষ্যে সব ছাত্র সংগঠন একসঙ্গে কাজ করছে।

শেকৃবি শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, অধিক জনসংখ্যার একটি দেশে খাদ্যের চাহিদা পূরণের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, সেই কৃষিবিদ ও গবেষকদের জন্য গবেষণার উপযোগী মাঠের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার জন্য পর্যাপ্ত জমি থাকা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বাণিজ্য মেলার মাঠটি অতীতে জোরপূর্বক দখল করা হয়েছিল। ৫ আগস্টের পরবর্তী সময়ে মাঠটি পুনরুদ্ধারে কোনো জটিলতা হবে না বলেই আমরা প্রত্যাশা করেছিলাম। তবে সম্প্রতি আমাদের জমিতে কার্যক্রম পরিচালনার সময় জানা গেছে, গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যদি কর্মসূচিতে কোনো ধরনের বাধা বা ঝামেলা সৃষ্টি করা হয়, তাহলে শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

আয়োজকরা আর‌ও জানান, মাঠ ফিরিয়ে নিতে বাণিজ্য মেলার মাঠে তারটাকার বেড়া দেওয়াসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন শেকৃবি শিক্ষার্থীরা। যে কোনো মূল্যে তারা তাদের মাঠ ফেরত চান।

এমডি‌এস‌এ/এএমএ