দেশজুড়ে

ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা অ্যামোনিশন এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা এবং হাটুরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- একই উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। এছাড়া অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উথুরী গ্রামের একটি বাড়িতে অস্ত্র মজুত করে রাখা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশ উথুরী গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা অ্যামোনিশন এবং একটি পিস্তল সাদৃশ্য লাইটারসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মো. সাব্বির ও তার ভাই কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল মামুন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস