রাজধানীর পল্লবীর মিরপুর-১১ ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন, মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ছেলে মিনহাজ (৪) ও ছোট ছেলে আসাদ (২)।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ মাসুম রিকশাচালক ছিলেন। তার স্ত্রী বাসা-বাড়িতে কাজ করতেন। তারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতেন। হয়ত কোনো উপায় না পেয়ে পরিবারের সব সদস্যকে নিয়ে আত্মহত্যা করেন তারা।
কাজী আল আমিন/এমআইএইচএস/