জাতীয়

সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন শফিক রেহমান

একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য দেশের এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন শফিক রেহমান।

এ বছর বিভিন্ন ক্ষেত্রের নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিক রেহমান সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাজ্যে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশের পক্ষে কাজ করেন।

তিনি ১৯৮৪ সালে সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠা করেন। পরে যা দৈনিকে রূপ নেয়। তার হাত ধরে বাংলাদেশে ১৯৯৩ সালের দিক থেকে ভালোবাসা দিবস উদ্‌যাপন শুরু হয়।

শফিক রেহমান উপস্থাপিত টকশো ‘লাল গোলাপ’ একসময় তুমুল জনপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি প্রথমে বিটিভি পরে বাংলাভিশনে প্রচার হতো। আট বছর বিরতির পর সম্প্রতি অনুষ্ঠানটি আবার ফিরে এসেছে টিভি পর্দায়।

একিউএফ/