সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় অটোভ্যান চালকসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ভুইয়াগাঁতী-নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।
আহত ব্যক্তিদের মধ্যে অটোচালকসহ তিনজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ মালেক/এনএইচআর/জেআইএম