‘Hirdoy, get ready to vote in Bangladesh’ অর্থাৎ, ‘হৃদয়, বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে প্রস্তুত হোন’। হঠাৎ নির্বাচন নিয়ে এমন ফেসবুকের নিউজ ফিডে এমন বার্তা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর হৃদয় আল মিরু।
সঙ্গে সঙ্গেই তিনি এ বার্তার স্ক্রিনশট নিয়ে তা ফেসবুকেই আবার শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে হৃদয় আল মিরু লেখেন, ‘দেশে নির্বাচন হচ্ছে, ফেসবুকে বুঝতে পারছে! ফেসবুক এটা আমাকে শেয়ার করতে বললো। এই আপডেট কেউ পেয়েছেন।’
মিরুর মতো আরও অনেকে ফেসবুকে প্রবেশ করলেই সামনে এমন বিশেষ বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে ভোটের তারিখ ও নির্বাচন কমিশনের নানান তথ্যও তুলে ধরা হচ্ছে। এ নোটিফিকেশন বা বার্তা পেয়ে ব্যবহারকারীদের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা। এ নিয়ে ফেসবুকে মজা করে পোস্টও দিচ্ছেন অনেকে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে এ ধরনের বার্তা পাচ্ছেন বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীরা। সেখানে মূলত আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ব্যবহারীদের অবগত করছে ফেসবুক। এতে মূলত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হচ্ছে।
বার্তায় ভোট দেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনের ভোটিং সম্পর্কিত সরকারি তথ্য দেখুন। ফ্রেন্ডদের নির্বাচনের দিনের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করার জন্য এই তথ্য শেয়ার করুন।
আরও পড়ুনযারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন ব্যবসার ভালো পরিবেশের প্রতিশ্রুতি চান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা
এছাড়া ওই সময় পর্যন্ত কতজন বাংলাদেশি ব্যবহারকারী ২০২৬ সালের জাতীয় নির্বাচন-সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন, তা উল্লেখ করা হচ্ছে বার্তায়।
এদিকে, এমন বার্তা পেয়ে ব্যবহারকারীদের অনেকে প্রশ্ন তুলেছেন, এটা কী সরকারি অর্থায়নে ফেসবুক প্রচার করছে কি না? কেউ আবার এ ধরনের বার্তা ও তথ্য দেখতে ক্লিক করার ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা নিয়েও সংশয় প্রকাশ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এবার জাতীয় নির্বাচন নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। মাঠের প্রচার-প্রচারণার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে প্রচারণাটা বেশি। এ কারণে নির্বাচন বা ভোট ট্রেন্ডিংয়ে রয়েছে। বিষয়টিকে আরও বেশি ক্যাশ করতে ফেসবুক এ ধরনের বার্তা ব্যবহারকারীদের দিয়ে সামাজিকমাধ্যমের প্রচারণায় উৎসাহিত করছে।
আতাউর রহমান নামে একজন ব্যবহারকারী ফেসবুকের ভোটের বার্তাটির স্ক্রিনশট শেয়ার করে মজা করে লিখেছেন, ‘ফেসবুকে নির্বাচনি প্রচার! বুঝলাম না জোকার (মার্ক জাকারবার্গ) ভাই ফ্রি করছে, নাকি ইউনূস (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) ভাই টেকাটুকা ডলারে কনভার্ট করে দিছে!’
সাংবাদিক রাফসান জানি লিখেছেন, ‘এমন কিছু কি সবার নিউজ ফিডে আসছে?’ আরেক সাংবাদিক মাহবুর আলম সোহাগ লেখেন, ‘আমি প্রস্তুত।’
এএএইচ/কেএসআর