দেশজুড়ে

সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলেও এখন নানা অভিযোগ ও সমালোচনা করছে। তাদের নীতি হচ্ছে—সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

১৯৯১ সালের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৯১ সালে বিএনপির ১৪২টি আসন ছিল, তারা সরকার গঠন করতে পারছিল না। তখন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নেতারা আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের কাছে সমর্থনের জন্য গিয়েছিলেন। জামায়াতের ১৮টি আসনের সমর্থন নিয়েই বিএনপি সেবার সরকার গঠন করেছিল। তখন তো ৭১ আর স্বাধীনতার কথা মনে ছিল না? তখন তো দাঁড়িপাল্লায় ভোট দিতে দোষ ছিল না? আজ স্বার্থে আঘাত লাগায় সব দোষ জামায়াতের ওপর চাপানো হচ্ছে।

জামায়াত নেতাদের বিরুদ্ধে ‘জান্নাতের টিকিট’ বিক্রির অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, জান্নাত দেওয়ার মালিক মহান আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে বেহেশতের টিকিট নেই। অথচ আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিএনপির এক নেতা বলছেন—নামাজ-রোজা লাগবে না, ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ! টিকিট তো আপনারাই বেচছেন, আর দোষ দিচ্ছেন আমাদের।

তিনি বলেন, আদর্শ, চরিত্র ও নৈতিকতার মোকাবিলা দুর্নীতি আর চাঁদাবাজির মাধ্যমে করা যায় না। ভোঁতা হাতিয়ার দিয়ে সততাকে মোকাবিলা করা যাবে না। এসব অপপ্রচারের ফলে জামায়াতে ইসলামীর একটি ভোটও কমবে না ইনশাল্লাহ।

কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মা-বোনেরা ঘাবড়াবেন না। কোনো ভয় পাবেন না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, রেঞ্জ ডিআইজি, এসপি, দুই ওসিকে বলে দিয়েছি। দাঁড়িপাল্লার ভোটারদের কোনো হুমকি দিলে খবর আছে কিন্তু। তুমি যে হাত এক আঙুল উঁচু করবা, আমরা আঙুল দুইটা উঁচু করবো।

তিনি দাবি করেন, প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নির্বাচনি প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

আরিফুর রহমান/কেএইচকে/এএসএম