বিনোদন

শাহরুখকে নিয়ে ‘ম্যায় হুঁ না ২’ নির্মাণের গুঞ্জন

বলিউডের বাদশা শাহরুখ খান মানেই পর্দাজুড়ে আলাদা এক ম্যাজিক। তার উপস্থিতি দর্শকের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে বরাবরের মতোই। আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে যখন অনুরাগীদের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই বলিজুড়ে নতুন এক গুঞ্জন সাড়া ফেলেছে।

শোনা যাচ্ছে, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক ফারহা খান। আর সেই সিনেমাতেই ফের দেখা যেতে পারে শাহরুখ খানকে, তারই জনপ্রিয় চরিত্র ‘মেজর রামপ্রসাদ শর্মা’র ভূমিকায়।

‘ম্যায় হুঁ না’ সিনেমাটি মুক্তির পর থেকেই শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি, অ্যাকশন, রোম্যান্স ও দেশাত্মবোধের মেলবন্ধন দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। বিশেষ করে রেলস্টেশনের প্ল্যাটফর্ম ধরে তার রাজকীয় হেঁটে আসার দৃশ্য আজও অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল।

একটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভাব্য এই সিক্যুয়েলে দর্শকের জন্য থাকতে পারে বড় চমক। গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে নাকি দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। এরই মধ্যেই নাকি সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন ফারহা খান।

আগের সিনেমার ধারাবাহিকতায় সিক্যুয়েলেও দেশাত্মবোধের বিষয়টি গুরুত্ব পাবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি রোম্যান্স, কমেডি ও অ্যাকশনের মিশেলেও সমৃদ্ধ থাকবে সিনেমাটি।

উল্লেখ্য, বর্তমানে ফারহা খান তার ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখানেই বহুবার তাকে পরিচালনায় ফেরার অনুরোধ জানাতে দেখা গেছে ভক্তদের। ধারণা করা হচ্ছে, সেই অনুরোধেরই প্রতিফলন হতে পারে ‘ম্যায় হুঁ না ২’।

আরও পড়ুন:যে কারণে এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা প্রিয়াঙ্কা-নিকের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল মেয়ের জন্ম 

গুঞ্জন অনুযায়ী, শাহরুখ খানের ‘কিং’ মুক্তির পরই তার পরবর্তী প্রজেক্ট হিসেবে এই সিনেমার কাজ এগোতে পারে। শুটিং শুরু হতে পারে ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এমএমএফ