দেশজুড়ে

৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। ৫৪ বছরে যারা রাজনীতি করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আমরা কারো আন্তরিকতার ওপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন, বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কী দিয়েছেন, কী দিতে পারেননি- তার সবকিছুর সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, আমি কোনো দলের সরকার চাই না। কোনো পরিবারতান্ত্রিক সরকার চাই না। কোনো গোষ্ঠী তান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ধর্মে, বর্ণে, জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না, ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে সকল ধর্মের, বর্ণের মানুষ নিয়ে ফুলের বাগানের মতো সাজাবো।

তিনি বলেন, আমরা আর চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাঘরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা আর চাই না।

ডা. শফিকুর রহমান বলেন, ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের ওপর নির্যাতন করা হয়। আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে হাজার হাজার, লাখ লাখ শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশ আমরা চাই না, যে বাংলাদেশে অর্থের বিনিময়ে বিচার বিক্রি হয়। ওই বাংলাদেশ আমরা চাই না- যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গোষ্ঠীর জোর নেই অথবা দলীয় শক্তি নেই তার কোনো বিচার নেই। ওই বাংলাদেশ চাই না।

জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফরিদপুর ও রাজবাড়ীর জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন।

এন কে বি নয়ন/এফএ/এমএস