আন্তর্জাতিক

গ্রিনল্যান্ডে প্রথম ইইউ কনসুলেট চালু করলো ফ্রান্স

গ্রিনল্যান্ডের রাজধানী নুকে-তে প্রথম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কনসুলেট চালু করেছে ফ্রান্স। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন জঁ–নোয়েল পয়রিয়ে। এর মধ্য দিয়ে গ্রিনল্যান্ডে প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফ্রান্স কনসুলেট স্থাপন করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঁ–নোয়েল পয়রিয়ে গ্রিনল্যান্ডে পৌঁছে আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের জুনে গ্রিনল্যান্ড সফরকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে ঘোষণা দিয়েছিলেন তার আলোকে ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় তাদের কনসুলার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এবং গ্রিনল্যান্ডে প্রথম ইউরোপীয় ইউনিয়ন দেশ হিসেবে কনসুলেট জেনারেল স্থাপন করছে।

নতুন কনসাল জেনারেল গ্রিনল্যান্ডে বসবাসরত ফরাসি নাগরিকদের সেবায় সক্রিয় ভূমিকা রাখবেন। একই সঙ্গে গ্রিনল্যান্ডের সঙ্গে বিদ্যমান সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সহযোগিতা প্রকল্পগুলো আরও গভীর করতে কাজ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প রয়েছে। পাশাপাশি ফ্রান্স ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিতর্কিত নানা মন্তব্যের মধ্যেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এমন সিদ্ধান্ত নিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

কে এম