গণমাধ্যম

‌‘গণমাধ্যমকর্মীদের কোনোভাবেই দলকানা হওয়া যাবে না’

কোনো খবর সংগ্রহ ও উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের কোনোভাবেই দলকানা হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান।

তারা বলেন, একজন রিপোর্টারকে যেমন ন্যায়সঙ্গত, সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের নিউজ কাভার করতে হবে, তেমনই নির্বাচনি প্রতিবেদন এডিট করার ক্ষেত্রেও সাব-এডিটরকে কোনোভাবেই দলকানা হওয়া যাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- তে দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ৫০ সদস্য। প্রশিক্ষণে এসব কথা বলেন প্রশিক্ষকরা।

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। এছাড়াও বক্তব্য রাখেন সমন্বয়ক সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জওহর ইকবাল খান, কোষাধ্যক্ষ নাজিম উদ দৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।

প্রশিক্ষণের প্রথম দিনে গণভোট, জুলাই জাতীয় সনদ ও গণভোট ২০২৬, নির্বাচন ও সংবিধান, নির্বাচনি বাজেট বিষয়ে তুলে ধরেন সুলতান মাহমুদ।

তিনি বলেন, এবার গণভোট হবে চার বিষয়ে। তা হলো- ১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ২. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

আরও পড়ুনসাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের দেড় বছরে ৮ সম্পাদক বরখাস্ত, ১৮৯ সাংবাদিক চাকরিচ্যুত: টিআইবি 

৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা। সংসদে নারীর প্রতিনিধি বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

সুলতান মাহমুদ আরও বলেন, জনমত তৈরি করাও সাংবাদিকের কাজ। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ক্ষেত্রে সাংবাদিকরা কাউকে বাধ্য করতে পারবে না। সাংবাদিক হিসেবে কারও পক্ষ নিতে পারবে না। দলকানা হলে চলবে না। প্রতিবেদনে কারও নাম যেন ভুলভাবে বা বিকৃতি না হয়- এ বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন এই প্রশিক্ষক।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন সম্পর্কিত নীতিমালা, নির্বাচনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রভৃতি বিষয়গুলো আলোচনায় তুলে ধরেন জিয়াউর রহমান। তিনি বলেন, নির্বাচনে ওয়াচডগের ভূমিকা পালন করেন সাংবাদিকরা। গণমাধ্যম সঠিকভাবে কাজ করলে দেশে কোনো দুর্নীতি থাকতে পারে না। নির্বাচন যত সুষ্ঠু হবে গণতন্ত্র তত শক্ত হবে। সে জন্য সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কোনো তথ্যই যাচাই ছাড়া প্রকাশ করা যাবে না। রিপোর্টার ও সাব-এডিটরের কাজ ফ্যাক্ট চেকের মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত হওয়ার পর নিউজ প্রকাশ করা।

তিনি বলেন, সাব-এডিটরকে চৌকস, দক্ষ ও রিপোর্টারের থেকে বেশি জানতে হবে। আপনি যদি না জানেন, তাহলে কীভাবে এডিটর করবেন? মিডিয়া স্বাধীন না হলে দেশ ও গণতন্ত্র ঠিকবে না। আর স্বাধীন সাংবাদিকতা হচ্ছে কারও লেজুড়বৃত্তি না করা।

কেএসআর/