আন্তর্জাতিক

হামাসের পক্ষে অবস্থান নেওয়ায় হার্ভাডের ফান্ডিং বন্ধ: পেন্টাগন

রাজনৈতিক অবস্থান বিবেচনায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সব সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা প্রোগ্রামের জন্য ফান্ডিং বন্ধ করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পেন্টাগনের প্রধান পিট হেগসেথ এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন।

পিট হেগসেথ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পরিবেশ সৃষ্টি করেছিল যা হামাসকে উদ্‌যাপন করে, ইহুদিদের ওপর আক্রমণকে অনুমোদন করে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিপরীতে এখনও জাতিগত বৈষম্য প্রচার করে।’

হেগসেথ আরও বলেন,‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং যুদ্ধ বিভাগের মধ্যে সক্রিয় কর্মরত সেনাদের জন্য চালানো সকল গ্র্যাজুয়েট লেভেলের পেশাগত সামরিক শিক্ষা, ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম বন্ধ করছি।’

এই সিদ্ধান্ত এসেছে ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্য-বিশেষ করে ইসরায়েল-হামাস ইস্যুতে উত্তেজনার পরিপ্রেক্ষিতে। এই বিরোধের বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসরায়েল-হামাস সংঘাত এবং বিশ্ববিদ্যালয়ের বিচিত্র, ন্যায় এবং অন্তর্ভুক্তি প্রোগ্রাম।

তিনি বলেন, হার্ভার্ডের ইসরায়েল বিরোধী মনোভাব এই বিশ্ববিদ্যালয়কে ফেডারেল তহবিল পাওয়ার অযোগ্য বানিয়েছে।

তার ভাষায়, “আজ এই বিশ্ববিদ্যালয়… যা আমাদের করদাতাদের বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পায়, এটি ‘হেইট আমেরিকা’ আন্দোলনের একটি প্রধান কেন্দ্র। অনেক শিক্ষক আমাদের সেনাবাহিনীকে খারাপভাবে উপস্থাপন করে এবং যারা তাদের বামপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে তাদের দমন করে, সেই সাথে প্রচুর টিউশন চার্জ করে। এটার মূল্য নেই।”

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে হার্ভাডের ফান্ডিং কাটা শুরু হবে। এরই মধ্যে যে সেনারা ক্লাসে ভর্তি তারা তাদের কোর্স শেষ করতে পারবেন। হার্ভার্ড পূর্বে ট্রাম্প প্রশাসনের ফেডারেল তহবিল স্থগিত করার প্রচেষ্টার বিরুদ্ধে মামলা করেছিল।

হেগসেথ বলেছেন, আর্মি, নেভি এবং এয়ার ফোর্স সব ইভি লিগ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সিভিলিয়ান বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সেনাদের জন্য বিদ্যমান সব গ্র্যাজুয়েট প্রোগ্রাম মূল্যায়ন করবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পেন্টাগনের ফোকাস থাকবে যোদ্ধা তৈরি এবং করদাতাদের অর্থের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা যা দেশকে প্রতিহত ক্ষমতা দিতে সাহায্য করবে।

শেষে হেগসেথ বলেন,“আমরা যোদ্ধা প্রশিক্ষণ দিই, ‘ওয়োকেস্টার’ নয়। হার্ভার্ড, বিদায়।”

সূত্র: আনাদোলু এজেন্সি

কে এম