যুক্তরাষ্ট্র সরকার মিনেসোটায় আটক ৫ বছর বয়সী এক ইকুয়েডোরিয়ান শিশুকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ তথ্য জানিয়েছে।
শিশুটির নাম লিয়াম কনেহো রামোস। শিশুটি তার বাবা এড্রিয়ান কনেহো আরিয়াসের সঙ্গে আশ্রয়ের আবেদনকারী হিসেবে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
গত মাসে লিয়াম ও তার বাবাকে টেক্সাসের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। পরে একজন বিচারকের নির্দেশে ৩১ জানুয়ারি তারা মুক্তি পান এবং মিনেসোটায় ফিরে যান।
তবে এখন সরকার তাদের বিরুদ্ধে ফেরত পাঠানোর মামলা শুরু করেছে।
লিয়ামের আইনজীবী ড্যানিয়েল মলিভার বলেন, এই সিদ্ধান্ত অস্বাভাবিক এবং সম্ভবত প্রতিশোধমূলক হতে পারে।
অন্যদিকে ডিএইচএস বলছে, এটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। সংস্থার মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, এটি নিয়মিত বহিষ্কার প্রক্রিয়ার অংশ। এতে প্রতিশোধের কোনো বিষয় নেই।
সরকার আরও দাবি করেছে, লিয়ামের বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এই ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, লিয়ামকে আটক করার সময় তার পরনে নীল রঙের টুপি ও স্পাইডারম্যান ব্যাকপ্যাক ছিল। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি মিনেসোটায় অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুইজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
এই পরিস্থিতিতে ৫ বছর বয়সী শিশুকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক চলছে।
সূত্র: রয়টার্স
এমএসএম