দেশজুড়ে

তিস্তা বাঁচাতে সবাইকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে তিস্তার পানির জন্য কথা বললেও ভারত এই পানির বিষয়ে কোনো সুরাহা দিতে পারেনি। তাই তিস্তা বাঁচাতে সবাইকে জেগে উঠতে হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জেআর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রচিত গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’র মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই তিস্তার পানির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি। অথচ আন্তর্জাতিক আইনে আছে- প্রয়োজন মতো পানি দিতে হবে। ভারত সেই পানি দেয়নি, বরং এটা নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন বিভিন্নভাবে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, ভারত থেকে যে পানির হিস্যা সেটা যদি আমরা সঠিকভাবে পেতাম, তাহলে তিস্তা এভাবে মরে যায় না। তিস্তার মহাপরিকল্পনার বিষয়ে আমাদের পার্টিতে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি- মহাপরিকল্পনার মধ্যে নিয়ে তিস্তা বাঁচাতে হবে।

এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এনএইচআর/এএসএম