আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৩৯ ভারতীয় নাগরিক গ্রেফতার

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে জুয়াবিরোধী অভিযানে অন্তত ৩৯ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় জুয়া আইনত নিষিদ্ধ। জুয়াড়ি, বুকমেকার এবং অনলাইনে জুয়ার প্রচারকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রয়েছে।

বালি পুলিশের প্রধান ড্যানিয়েল আদিত্যাজায়া জানান, গত মঙ্গলবার দ্বীপের দুটি ভিলায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত মামলায় অভিযোগ আনা হয়েছে। বাকি চারজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের অভিযোগ, পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় প্রবেশ করা এসব ব্যক্তি গত বছরের শেষ দিক থেকে একটি অনলাইন জুয়ার ওয়েবসাইটের প্রচার ও লেনদেন পরিচালনা করছিলেন।

পুলিশ জানায়, এই চক্রটি প্রতি মাসে প্রায় ৮ বিলিয়ন রুপিয়াহ (প্রায় ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার) আয় করতো।

ড্যানিয়েল আদিত্যাজায়া বলেন, বালির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতিকে কাজে লাগিয়ে সন্দেহ এড়াতে তারা এখানে অফিস খুলে কার্যক্রম চালাচ্ছিল।

ইন্দোনেশিয়ার নতুন দণ্ডবিধি অনুযায়ী, জুয়া সংগঠনের অভিযোগে সর্বোচ্চ নয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত লেনদেনের পরিমাণ ছিল ২৮০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি। এতে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ জড়িত বলে ধারণা করা হয়।

সূত্র: এএফপি

এমএসএম