পোস্টাল ভোটের গণনা সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, অন্যান্য কেন্দ্রের মতো পোস্টাল ভোট গণনার সময় একই নীতিমালা মেনে প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন।
ইসি জানায়, রিটার্নিং অফিসার স্থান সংকুলানের বিষয় বিবেচনা করবেন। এছাড়া প্রার্থী বা তার নির্বাচনি/পোলিং এজেন্টকে আগে থেকেই পত্রের মাধ্যমে গণনার সময়, স্থান ও তারিখ সম্পর্কে অবহিত করতে হবে এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে হবে।
পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমপোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় বা অন্য সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যা অনুযায়ী, উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী প্রিসাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসাররা ভোট গণনার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন। প্রিসাইডিং অফিসার গণনা শুরুর কমপক্ষে একঘণ্টা আগে সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেবেন।
আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ভোট গণনার সময় তার আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিবরণী উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের বিস্তারিত জানাবেন। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষণের সব ব্যালট বাক্স খোলা হবে। পোলিং অফিসাররা প্রথমে ফেরত খামগুলো একত্র করবেন এবং তারপর এক এক করে খুলবেন। প্রতিটি খাম খোলার পর পোস্টাল ব্যালট সম্বলিত খাম এবং ঘোষণাপত্র (ফরম-৮) পরীক্ষা করা হবে। প্রথমে ঘোষণাপত্রে সই সঠিকভাবে রয়েছে কিনা তা যাচাই করা হবে।
যথাযথ সইযুক্ত ঘোষণাপত্র পাওয়া গেলে তা আলাদা করে রাখা হবে, আর সংশ্লিষ্ট ব্যালট সম্বলিত খামটি না খুলে আলাদাভাবে সংরক্ষণ করা হবে। শুধু সই সঠিক ঘোষণাপত্র থাকলেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট গণনাভুক্ত হবে। এভাবে সব সইযুক্ত ঘোষণাপত্র একত্রিত রাখা হবে এবং গণনার জন্য ব্যালট সম্বলিত খামগুলোও এক জায়গায় সংরক্ষণ করা হবে।
এমওএস/এমএএইচ/