জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশ এখন দুইভাগে বিভক্ত। একদিকে ১১ দলীয় জোট। অপরদিকে অন্য একটি দল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ১১ দলীয় জোটে আছে ৭১ এর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের দল, জুলাই বিপ্লবের সিপাহ সালাহর দল এনসিপি, ইসলামী দলের নেতারা। ১১ দলীয় জোট হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে সেই জোট। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।
তিনি বলেন, আজ বাংলাদেশের জন্য এক চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে। আমরা কি ৫৬ বছরের পুরোনো অন্ধকারের দিকে পশ্চাতে হাঁটতে থাকবো? নাকি, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাবো। এ সিদ্ধান্ত হবে আগামীর নির্বাচনে।
তিনি আরও বলেন, তারা বলেছিলেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ইসলামের উত্থান হচ্ছে। আর এখন তারা বলছে, আল্লাহ এবং রাসুলের আদর্শ অনুসারে দেশ পরিচালনা করবে। তারা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ তিনবার চ্যাম্পিয়ান হয়েছিল। এখন আবার তারা বলছে, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।
ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেন বাহারের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ প্রমুখ।
জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এএসএম