মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা মিশন শুরু করেছে অন্যতম ফেবারিট ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচেই ইংলিশরা মুখোমুখি হয়েছে তুলনামূলক অনেক দুর্বল দল নেপালের। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেপালিদের ১৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে হ্যারি ব্রুকের দল।
টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে শুরুতে চেপে ধরার চেষ্টা করেছিল নেপাল। তবে মিডল অর্ডারে জ্যাকব বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুকের ঝোড়ো ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে দারুণ একটি সংগ্রহ পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় ইংল্যান্ডের অন্যতম সেরা ওপেনার ফিল সল্টকে হারিয়ে ফেলে ইংল্যান্ড। নেপালি বোলার শের মাল্লার বোলিংয়ের মুখে লামিচানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সল্ট। এরপর অবশ্য জস বাটলার এবং জ্যাকব বেথেলের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ১৭ বলে ২৬ রান করে দলীয় ৪৩ রানের মাথায় আউট হন জশ বাটলার।
এরপর টম ব্যান্টন আউট হন ২ রান করে। এরপর বেথেল ও হ্যারি ব্রুক ৭১ রানের জুটি গড়েন। জ্যাকব বেথেল ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন। ৪টি করে বাউন্ডারি ও ছক্কার মার মারেন তিনি। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ১৮ বরে ৩৯ রানে অপরাজিত থাকেন উইল জ্যাকস।
নেপালের হয়ে দিপেন্দ্র সিং আইরি ও নন্দন যাদব ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন শের মাল্লা ও সন্দিপ লামিচানে।
আইএইচএস/