দেশজুড়ে

কেন্দ্র পাহারা দিয়ে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতে হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞা সরকারি আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ১২ তারিখের এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। তারেক রহমানকে ক্ষমতার বসাতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।

তিনি আরও বলেন, কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এবার ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সঙ্গে কাটাতে চাই। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা করা হবে। এলাকার উন্নয়ন ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে আসনটির সমস্যা-সমাধান করে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানে জোর দেওয়া হবে।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি রোধ করে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। ভোটের দিন মা-বোনদের সঙ্গে নিয়ে কেন্দ্রে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মিন্টু।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জেআইএম