দেশজুড়ে

পুরোনো দুর্নীতির ভূত ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে: মামুনুল হক

বাংলাদেশের রাজনীতিতে পুরোনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। রোববার (৮ ফেব্রুয়ারি) খুলনার ডুমুরিয়ার আয়োজিত ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনি জনসভায় তিনি এমন মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, একসময় দেশের রাজনীতিতে সন্ত্রাস, গুন্ডামির ভূত, লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূত ছিল এখন সেই চক্র আবার ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে।

তিনি বলেন, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।

মামুনুল হক বলেন, দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। এ প্রেক্ষাপটে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনি ঐক্যের পক্ষে ভোট চান তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে পরিবর্তন আসবে।

১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের অবসান ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ প্রমুখ।

আরিফুর রহমান/এনএইচআর/জেআইএম