নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এরপর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বিশ্বকাপে না যাওয়ায় এই ফাঁকা সময়ে দেশের শীর্ষ ৩৯ ক্রিকেটারকে ৩ দলে ভাগ করে অদম্য টি-টোয়েন্টি কাপের আয়োজন করে বিসিবি। আসরের ফাইনাল মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৬টায়। যেখানে মুখোমুখি হবে লিটন কুমার দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ।
তারকাবহুল ধূমকেতু একাদশ কাগজে-কলমে বেশ শক্তিশালী। দলের টপ অর্ডারে আছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ফিনিশার হিসেবে শামীম পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভরসা রাখছে দলটি। বোলিং আক্রমণে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সাথে আছেন শরিফুল ইসলাম। এছাড়া বিগ ব্যাশ খেলে আসা রিশাদ হোসেন ৪ উইকেট নিয়ে দারুণ শুরু করেছেন। লিটন নিজেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন, দুই ম্যাচে ১০৮ রান করে বর্তমানে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার শীর্ষে তিনি।
অন্যদিকে অভিজ্ঞতায় ঠাসা দুর্বার একাদশ তারকা দ্যুতির চেয়ে অভিজ্ঞতায় বেশি গুরুত্ব দিচ্ছে। আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ এই দলের মূল শক্তি। ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহান বিধ্বংসী মেজাজে আছেন; গত ম্যাচে মাত্র ১৭ বলে ৩৯ রান করে দলের ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। অধিনায়ক শান্ত বড় রান না পেলেও সোহান আছেন দারুণ ছন্দে। ১০৪ রান নিয়ে সংগ্রাহকের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। শরিফুলের এক ওভারে চার ছক্কা হাঁকিয়ে ৭৬ রানের ইনিংসটি ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা হাইলাইটস। বোলিংয়ে হাসান মাহমুদ ও খালেদ আহমেদ দারুণ ছন্দে আছেন।
ম্যাচ পূর্ববর্তী ভাবনা ফাইনালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুর্বার একাদশের পেসার খালেদ আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং বোলিং লাইনআপও অনেক শক্তিশালী। ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’
অন্যদিকে ধূমকেতু একাদশের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল লিটনের অধিনায়কত্বের প্রশংসা করে বলেন, ‘লিটনের অধিনায়কত্বের যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো, সে বোলারদের কামব্যাক করার সুযোগ দেয় এবং তাদের নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে।’
দুই দলের সম্ভাব্য একাদশ:
ধূমকেতু একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
দুর্বার একাদশ: মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
এসকেডি/আইএন