দেশজুড়ে

৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত ব্যক্তির নাম মাহমুদ হাসান। তিনি একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাজমুল হুদা/এফএ/এমএস