আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইলফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য জোর দাবিও জানায় সংগঠনটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে রাবি প্রেসক্লাব জানায়, বর্তমান সময়ে দেশের অধিকাংশ সাংবাদিক মোবাইল জার্নালিজমের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচার করেন। মোবাইলফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সাংবাদিকতার একটি পূর্ণাঙ্গ ও স্বীকৃত টুল। দেশ-বিদেশে মোজো সাংবাদিকতা ক্রমেই জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠলেও বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সাংবাদিকদের এভাবে কার্যত অক্ষম করে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত স্পষ্টতই হঠকারী, অযৌক্তিক ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি।
রাবি প্রেসক্লাবের নেতারা মনে করেন, ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের মোবাইলফোন দূরে রাখার অর্থ হলো তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ ও প্রচারে বাধা সৃষ্টি করা, অনিয়ম, জালিয়াতি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার সুযোগ সীমিত করা, সর্বোপরি জনগণের জানার অধিকার ক্ষুণ্ন করা।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সই করা এ- সংক্রান্ত একটি চিঠি সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম