আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের চড় খেয়ে বৃদ্ধর মৃত্যু

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে এক তৃণমূল কংগ্রেসের হাতে ৮১ বছর বয়সী এক বৃদ্ধর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরই মধ্যে ওই কাউন্সিলরকে গ্ৰেফতার করা হয়েছে। তার নাম রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি পেশায় একজন আইনজীবী।

জানা গেছে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) প্রতিবেশীর অবৈধ নির্মাণকাজের প্রতিবাদ করেছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসীচরন অধিকারী।

সে সময় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রথীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে তুলসীচরন অধিকারীর বাকবিতণ্ডা শুরু হয়। হঠাৎ করে তুলসীচরন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জামার কলার ধরে। সে সময় ধস্তাধস্তির মধ্যে আচমকাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলসীচরন অধিকারীকে সজোরে চড় মারেন।

তুলসীচরন অধিকারী সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। তাকে সেখান থেকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।

রথীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছয় বছরের জন্য পার্টি থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পার্থ ভৌমিক জানিয়েছেন, এটা অত্যন্ত নিন্দনীয় মর্মান্তিক ঘটনা। দুটি বাড়ির মধ্যে অশান্তি চলছিল। সে কারণেই পৌরসভায় চিঠি দিয়েছিল অধিকারী পরিবার। পৌরসভার নোটিশ নিয়ে বাবা ও ছেলের তর্ক চলছিল। আমি শুনেছি, উনি হার্ট ফেল করে মারা গেছেন। তিনি নিরীহ এবং সজ্জন মানুষ ছিলেন। দল বিষয়টিকে ভালোভাবে দেখছে না এবং পার্টির পক্ষ থেকে ছয় বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

তুলসীচরন অধিকারীর ছোট ছেলের স্ত্রী পারমিতা অধিকারী বলেন, আমাদের প্রতিবেশী হিরণ্ময় ব্যানার্জি একটি বেআইনি নির্মাণকাজ করছিলেন। আমরা বারবার আমাদের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বিষয়টি জানালে কোনো পদক্ষেপ নেননি।

পারমিতা অধিকারী আরও বলেন, হঠাৎ করে আমার শ্বশুরের সঙ্গে কাউন্সিলরের বাক-বিতণ্ডা শুরু হয়। তারপরেই আমার শ্বশুরকে কাউন্সিলর চড় মারলে তিনি পড়ে যান। আমরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এ বিষয়ে ব্যারাকপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে, তুলসী চরণ অধিকারী নামের এক ব্যক্তির সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর এর ঝামেলা চলছিল। সে সময় ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হলে তারপর সে মারা যায়। এটা প্রাথমিকভাবে তদন্ত করে যা পেয়েছি সেটা বললাম। অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডিডি/টিটিএন