যারা দুর্নীতির অভিযোগে সমালোচিত, তারাই আবার দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লার নাঙ্গলকোট হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থনে এ সভা হয়।
বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রে রূপান্তর করতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান আবদুল্লাহ তাহের। তিনি বলেন, দেশের মানুষ বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা শুনলেও বাস্তবে এর প্রতিফলন দেখেনি।
জামায়াতের এ নেতা বলেন, ‘যে দল একাধিকবার দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছে, তারাই আবার জাতিকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে। অথচ বাস্তবতা ভিন্ন। জামায়াতে ইসলামী প্রমাণ করেছে, দুর্নীতি ছাড়াও রাষ্ট্র পরিচালনা সম্ভব। আমাদের দলের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের মাধ্যমে সেটির নজির রেখেছেন।’
‘ইনশাআল্লাহ আগামী দিনে ১১ দলীয় ঐক্য সরকার গঠিত হবে। সেই সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। আমরা নির্বাচিত হলে দেশে দুর্নীতির সংস্কৃতি থাকবে না। আমাদের এমপি ও জনপ্রতিনিধিরা নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না,’ যোগ করেন তিনি।
নাঙ্গলকোট ও লালমাই এলাকার উন্নয়ন প্রসঙ্গে আবদুল্লাহ তাহের বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ইয়াছিন আরাফাতকে বিজয়ী করা হলে দুই উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে। উন্নয়ন হবে পরিকল্পিত ও বৈষম্যহীন।
নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
জেডআইপি/একিউএফ