চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কোনো ধরনের ‘ব্লেইম গেম’ বা নাটক করার সুযোগ থাকবে না। নির্বাচন সুষ্ঠু রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক জানান, নির্বাচন উপলক্ষে পুরো চট্টগ্রাম জেলাকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। মাঠে কাজ করছেন ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। দায়িত্ব পালন করছেন প্রায় ১১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট কোন কেন্দ্র দেখভাল করবেন, সে অনুযায়ী স্ট্রাইকিং ফোর্সও যুক্ত করা হয়েছে। এসব বাহিনী আজ থেকেই মহড়া শুরু করেছে।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রকে স্ট্রাইকিং ফোর্সের আওতায় রাখা হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম আরও জানান, সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আনসার বাহিনীর একটি সুরক্ষা অ্যাপ চালু আছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। এতে অনিয়ম বা দায় এড়ানোর সুযোগ থাকবে না।
নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ থেকে মোবাইল টিম মাঠে সক্রিয় থাকবে।
জেলা প্রশাসক বলেন, এবারের নির্বাচন শুধু ভোট দেওয়া ও ফলাফল জমা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাই মূল লক্ষ্য। ভোটাররা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে পরিচালনার মাধ্যমে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
এমআরএএইচ/এমআরএম/এমএস