একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
মিজানুর রহমান আজহারী বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।
রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পরে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল্যবোধবিরোধী কোন আইন প্রণয়ন করতে চাইলে, অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাল্লাহ।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অন্য ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য। এই ব্যালটে প্রস্তাবিত এই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না, সেই প্রশ্নের বিপরীতে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।
ওএফএফ