দেশজুড়ে

কালো টাকা ছড়ানোসহ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিএনপি প্রার্থীর

সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানো, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের দিয়ে এলাকায় মহড়া দেওয়ার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে অ‍্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, ইতোমধ্যে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারণার বাহানায় সাধারণ ভোটারগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানসহ ব্যালট বাক্স ছিনতাই করার ষড়যন্ত্র করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনা-বেচাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে।

অভিযোগের বিষয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করি। সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে আরেকটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি বিবেচনা করা একান্ত আবশ্যক।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলমকে মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি।

আহমেদ জামিল/কেএইচকে/জেআইএম